যশোর শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে, যশোর ক্যান্টনমেন্ট এলাকার শানতলা নামক স্থানে অবস্থিত বিনোদিয়া ফ্যামিলি পার্ক (Binodia Family Park)। সব বয়সী দর্শনার্থীদের জন্য উপযোগী করে নির্মিত এই পার্কটি প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে, লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদের উদ্যোগে। প্রাকৃতিক সৌন্দর্য আর নানা বিনোদনের সমন্বয়ে গড়ে ওঠা এই পার্ক এখন যশোরের অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থান।
আরও: চিকলি ওয়াটার পার্ক
পার্কে যা যা দেখবেন
বিনোদিয়া ফ্যামিলি পার্কে প্রবেশ করলেই চোখে পড়বে সবুজে ঘেরা প্রশস্ত এলাকা, শিশুদের জন্য আকর্ষণীয় রাইড, মিনি চিড়িয়াখানা, এবং একটি ছোট নদী। এছাড়া আছে রবিনহুডের ঘর, কৃত্রিম ঝর্ণা, কনফারেন্স রুম এবং ছোটদের খেলার উপযোগী শিশু পার্ক। পার্কে রয়েছে পিকনিক ও পূনর্মিলনী আয়োজনের উপযোগী স্পট ও রান্নাঘর সুবিধা, যা পরিবার কিংবা বন্ধুবান্ধবের দল নিয়ে সময় কাটানোর জন্য উপযুক্ত।
প্রবেশ মূল্য ও অন্যান্য খরচ
- প্রাপ্তবয়স্কদের প্রবেশ ফি: ৫০ টাকা
- শিশুদের জন্য: ৩০ টাকা
- রাইডের জন্য টিকিট: ২০ থেকে ৩০ টাকা (প্রতি রাইড)
- পিকনিক স্পট ভাড়া: রান্নাঘর, পানি ও কার্পেট সুবিধাসহ ১,০০০ – ৩,৫০০ টাকা
- সাংস্কৃতিক অনুষ্ঠানের ফি: প্রতি ঘণ্টায় ৫০০ টাকা
- গাড়ি পার্কিং ফি:
- বাস: ১০০ টাকা
- মাইক্রোবাস/জিপ: ২০ টাকা
- মোটরসাইকেল: ১০ টাকা
পার্ক খোলা থাকার সময়সূচি
বিনোদিয়া ফ্যামিলি পার্ক সারা সপ্তাহই খোলা থাকে। সময়: প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কিভাবে যাবেন
বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে বাস, ট্রেন কিংবা নিজের বাহনে করে যশোর শহরে এসে পৌঁছাতে হবে। শহরের পালবাড়ি মোড়ে রিকশা বা ইজিবাইক নিলে সহজেই পৌঁছে যাবেন বিনোদিয়া ফ্যামিলি পার্কে। যাত্রা খুব বেশি দীর্ঘ নয়, তাই স্বল্প সময়েই আপনি গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।
কোথায় থাকবেন
রাত কাটানোর জন্য যশোর শহরে রয়েছে একাধিক আবাসিক হোটেল ও রেস্ট হাউস।
জনপ্রিয় হোটেলসমূহ:
- হোটেল হাসান
- হোটেল মনিহার
- মিডটাউন
- মিডওয়ে
- হোটেল নয়ন
- চৌধুরী হোটেল
- গ্র্যান্ড হোটেল
- ম্যাগপাই
কোথায় খাবেন
যশোর ভ্রমণে গেলে স্থানীয় খাবারের স্বাদ না নিলে আপনার ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যাবে।
- জামতলার বিখ্যাত মিষ্টি
- খেজুরের গুড় দিয়ে বানানো প্যারা সন্দেশ ও ভিজা পিঠা
- ধর্মতলার স্পেশাল মালাই চা
- চুকনগরের বিখ্যাত চুই ঝাল
এসব খাবার সহজেই যশোর শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং স্থানীয় খাবারের স্বাদ আপনাকে মুগ্ধ করবে নিঃসন্দেহে। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে দিনভর ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া আর মজা করার জন্য বিনোদিয়া ফ্যামিলি পার্ক একটি চমৎকার স্থান। বিশেষ করে যশোর বা আশেপাশের অঞ্চলে থাকলে সপ্তাহান্তে বেড়িয়ে আসার জন্য এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।
ফেসবুক: GoArif
