গরুর গাড়ি (Bullock Cart) শুধু একটা যানবাহন ছিল না, এটা ছিল গ্রামীণ বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি আর সামাজিক জীবনের কেন্দ্রে থাকা একটা প্রতিষ্ঠান। ধান-পাট ঘরে তোলা থেকে হাটে যাওয়া, বিয়ের বরযাত্রা থেকে অসুস্থ মানুষকে ডাক্তারের কাছে নেওয়া, সবই হত গরুর গাড়িতে।
“আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে…” – বাংলা সিনেমার এই জনপ্রিয় গানটা এক সময় ছিল বাস্তব জীবনের ছবি। বিয়ের বরযাত্রা মানেই সারিবদ্ধ গরুর গাড়ি, সানাইয়ের সুর আর ধুলো ওড়ানো মেঠো পথ।
আরও: পালকি
সংক্ষিপ্ত পরিচিতি
| পরিচিত নাম | গরুর গাড়ি, গাড়ি |
| ইংরেজি নাম | Bullock Cart / Ox Cart |
| চালক | গাড়িয়াল / গাড়োয়ান |
| চাকার সংখ্যা | দুটি |
| টানার পশু | গরু বা বলদ (জোড়া) |
| উৎপত্তি | সিন্ধু সভ্যতা, খ্রি.পূ. ১৫০০+ |
| গতি | ঘণ্টায় ৫–৮ কি.মি. |
| বর্তমান অবস্থা | প্রায় বিলুপ্ত |
| উপাদান | কাঠ, বাঁশ, লোহা, দড়ি |
ইতিহাস ও উৎপত্তি
গরুর গাড়ির ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই পুরনো। প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে, খ্রিস্টপূর্ব ১৫০০–১৬০০ বছর আগে সিন্ধু সভ্যতায় এই গাড়ির প্রচলন ছিল। সেখান থেকে ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রান্তে এবং পরে বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে।
মোহেনজোদারো ও হরপ্পার প্রত্নস্থলে পোড়ামাটির তৈরি গরুর গাড়ির খেলনা পাওয়া গেছে, যা প্রমাণ করে হাজার বছর আগে শিশুরাও গরুর গাড়ি চিনত। সুলতানি আমল থেকে মোগল আমল হয়ে ব্রিটিশ ঔপনিবেশিক কালে এই গাড়ি ছিল বাংলার প্রধান স্থলপথ বাহন। ব্রিটিশরা বাংলায় রেলপথ তৈরি শুরু করলেও প্রত্যন্ত গ্রামে মাল পৌঁছে দেওয়ার একমাত্র উপায় থাকত গরুর গাড়ি।
আরও: হারিকেন (বাতি)
গঠন
গরুর গাড়ি দেখতে সাধারণ হলেও এর প্রতিটি অংশ নিখুঁতভাবে ডিজাইন করা। স্থানীয় কারিগর, যাদের “ছুতার” বা “মিস্ত্রি” বলা হত, বাঁশ, কাঠ আর লোহা দিয়ে হাতে তৈরি করতেন। একটা গরুর গাড়ি তৈরিতে সপ্তাহখানেক সময় লাগত।
| গাড়ির ধরন | বৈশিষ্ট্য | মূল ব্যবহার | ছাদ আছে? |
|---|---|---|---|
| মালবাহী গাড়ি | বড় মাচা, উঁচু বেড়া | ধান, পাট, ইট বহন | না |
| যাত্রীবাহী গাড়ি | মাচায় বিছানা, কম উঁচু | মানুষের যাতায়াত | কখনো কখনো |
| বিয়ের সাজানো গাড়ি | রঙিন কাপড়, ফুল দিয়ে সজ্জিত | বর-কনে বহন | হ্যাঁ (চাঁদোয়া) |
| চ্যাপ্টা গাড়ি | নিচু মাচা, চওড়া | ভারী ইট, পাথর, কাঠ | না |
| মহিষের গাড়ি | বড় চাকা, বেশি ভার টানতে পারে | ভারী নির্মাণ সামগ্রী | না |
গাড়িয়াল
“৪০ বছর আগেও আমাদের এলাকায় প্রায় প্রতিটি পরিবারেই একটি করে গরুর গাড়ি ছিল। বিত্তবান পরিবারে তো একাধিক গাড়ি থাকত। সেসব গাড়ি ভাড়ায় চালিয়ে সংসার চালানো হতো।” — সবুর মোল্লা, কাশিমাড়ী গ্রাম
গরুর গাড়ির চালককে বলা হত গাড়িয়াল বা গাড়োয়ান। গাড়িয়াল পেশা ছিল বংশানুক্রমিক। বাবার পরে ছেলে, তার পরে নাতি। এই পেশায় দক্ষতা ছিল বিশেষ: কোন পথে চাকা ঠেকবে না, কোথায় পানি আছে, কোন মাটি নরম, এই জ্ঞান অভিজ্ঞতা থেকে আসত।
গাড়িয়ালরা সাধারণত গানে-গল্পে মুখর থাকতেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তারা ভাটিয়ালি বা মেঠো সুরে গান গাইতেন। এই গানগুলো হয়ে উঠেছিল বাংলার লোকসংগীতের অংশ। গাড়িয়ালের গান শুনলে পথের মানুষ বুঝতে পারত দূরে কোথাও গরুর গাড়ি আসছে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গরুর গাড়ি
ফসল বহনের প্রধান মাধ্যম
ধান কাটার মৌসুমে গ্রামের প্রতিটি মাঠের পথ গরুর গাড়িতে ভরে যেত। ধান বোঝাই গাড়ি মাঠ থেকে খামারে আসত একের পর এক। পাটের মৌসুমে একই দৃশ্য। হাটের দিনে সবজি, মাছ, মুদিমালা, সব কিছু গরুর গাড়িতে চেপেই হাটে পৌঁছাত। আজকাল তো মানুষ দেখি অটোরিক্সা দিয়ে এই কাজ করছে!
নির্মাণ কাজে
ইট-পাথর-বালি বহনেও গরুর গাড়ি ছিল অপরিহার্য। গ্রামে বাড়ি বানাতে গেলে হাজার হাজার ইট আনতে হত দূর থেকে, সব গরুর গাড়িতে। কারিগর থেকে মালিক, সবার কাছে গরুর গাড়ি ভাড়া করা ছিল রুটিন কাজ।
সামাজিক অনুষ্ঠানে
বিয়েতে বরযাত্রায় ১০–১২টি গরুর গাড়ি সাজিয়ে যাওয়া ছিল আভিজাত্যের প্রমাণ। কোন পরিবারের কয়টা গরুর গাড়ি আছে, সেটা থেকেই সেই পরিবারের সমৃদ্ধি আন্দাজ করা যেত। গরুর গাড়ি ছিল সম্পদের একটা পরিমাপ।
পরিবেশের বন্ধু
আজকের দিনে পরিবেশ দূষণ যখন বড় সমস্যা, তখন গরুর গাড়িকে নতুন চোখে দেখতে ইচ্ছে করে। গরুর গাড়িতে কোনো জ্বালানি লাগে না, ফলে কার্বন নির্গমন শূন্য। শব্দদূষণ নেই। দুর্ঘটনার আশঙ্কা নগণ্য। রাস্তা কম ক্ষতি করে কারণ ওজন কম এবং গতি কম।
যদিও আজকের দ্রুত জীবনে গরুর গাড়ি পুনরায় মূলধারায় ফেরার সম্ভাবনা নেই, তবু এর পরিবেশবান্ধব দিকটা একটা মনে করিয়ে দেওয়ার মতো শিক্ষা রেখে যায়।
বিলুপ্তির পথে
গরুর গাড়ির আনুমানিক ব্যবহার মোটরচালিত মালবাহী যান। দশক অনুযায়ী গরুর গাড়ির পতন ও আধুনিক মালবাহী যানের উত্থান (আপেক্ষিক সূচক ০–১০০):

গরুর গাড়ির পতন একটানা ঘটেনি, এটা ধাপে ধাপে হয়েছে। ১৯৪৭ সালের পরে পাকিস্তান আমলে রাস্তার কিছুটা উন্নয়ন হয়। ১৯৭১-এর পর স্বাধীন বাংলাদেশে রাস্তাঘাট দ্রুত বাড়ে। ১৯৮০-র দশকে পাওয়ার টিলার ও ট্র্যাক্টর গ্রামে আসতে শুরু করে। এরপর নছিমন-করিমন-ভটভটি এলো। প্রতিটা ধাপে গরুর গাড়ি একটু একটু করে কোণে সরে গেল।
ঝিনাইদহের কালীগঞ্জের প্রবীণ মানুষেরা বলেন, মাত্র দুই যুগ আগেও পণ্য পরিবহন ছাড়াও বিয়ের অনুষ্ঠানে বর-কনে বহনের বিকল্প কোনো বাহন কল্পনাই করা যেত না। সেই গাড়ি এখন গল্পের বিষয় হয়ে গেছে।
বর্তমান অবস্থা
রংপুর ও রাজশাহী বিভাগের কিছু প্রত্যন্ত গ্রামে এখনো হয়তো বছরে একটা-দুটো গরুর গাড়ি দেখা যায়, মাঠ থেকে ফসল আনতে। কিন্তু সেটা ব্যতিক্রম, স্বাভাবিক দৃশ্য নয়। শহরের শিশুরা তো বটেই, গ্রামের অনেক শিশুও গরুর গাড়ি চেনে না।
লোকজ মেলায়, পহেলা বৈশাখের শোভাযাত্রায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঝে মাঝে গরুর গাড়ি প্রদর্শিত হয়, তবে সেটা এখন ঐতিহ্যের টুকরো হিসেবে, দৈনন্দিন জীবনের অংশ হিসেবে নয়। গাড়িয়াল পেশাটি কার্যত বিলুপ্ত।
গরুর গাড়ি নিয়ে সচরাচর জিজ্ঞাসা
গরুর গাড়ির চাকা কীভাবে বানানো হত?
গরুর গাড়ির চাকা বানানো ছিল একটা দক্ষ কারিগরের কাজ। মূলত শক্ত কাঠ দিয়ে চাকার গোলাকার কাঠামো তৈরি হত, তারপর গরম করা লোহার রিং বাইরে দিয়ে পরানো হত – ঠান্ডা হলে রিং সংকুচিত হয়ে চাকাকে শক্তভাবে আঁটসাঁট করে ধরে রাখত। মাঝখানে থাকত লোহার অক্ষদণ্ড। মোটা কাঁদামাটির পথে এই চাকা যাতে না আটকায়, তার জন্য চাকা যথেষ্ট চওড়া রাখা হত।
গরুর গাড়ি দিনে কতটা পথ যেতে পারত?
গরুর গাড়ির স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৫ থেকে ৮ কিলোমিটার। সকাল থেকে বিকেল পর্যন্ত ৬–৮ ঘণ্টা চললে ৩০–৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব হত। গরুকে বিশ্রাম ও পানি-খাবার দেওয়ার জন্য মাঝে মাঝে থামতে হত। দূরের হাটে যেতে হলে আগের রাতেই বের হওয়া লাগত।
গরুর গাড়ি ভাড়া কীভাবে নির্ধারিত হত?
গরুর গাড়ির ভাড়া নির্ধারিত হত পথের দূরত্ব, মালের ওজন এবং রাস্তার অবস্থার উপর। সাধারণত হাটে যাওয়া-আসার জন্য দিনপ্রতি একটা নির্দিষ্ট মজুরি ছিল। বিয়ের অনুষ্ঠানে গরুর গাড়ি আনলে ভাড়া বেশি, সাথে গাড়িয়ালের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করতে হত।
কোন অঞ্চলে গরুর গাড়ি সবচেয়ে বেশি প্রচলিত ছিল?
বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষত রাজশাহী, রংপুর, নওগাঁ, নাটোর, গাইবান্ধা জেলায় গরুর গাড়ির সবচেয়ে বেশি প্রচলন ছিল। এই এলাকার কৃষিজমি বিস্তৃত এবং নদী কম থাকায় স্থলপথেই বেশি চলাচল হত। দক্ষিণাঞ্চলে নদীনালা বেশি থাকায় নৌকার প্রাধান্য ছিল, তবে সেখানেও গরুর গাড়ি ছিল।