মায়াদ্বীপ (Maya Dwip), বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামে অবস্থিত। মেঘনা নদীর বুকে ভেসে ওঠা একটি চর বা দ্বীপ। আজ থেকে প্রায় শত বছর পূর্বে মেঘনার বুকে ভেসে উঠা এই চরটির নাম স্থানীয়রাই রেখেছিল নুনেরটেক।
নুনেরটেক নাম রাখার সঠিক কারন জানা না গেলেও এই টুকু ধারনা করা হয় যে, নদীর পানিতে লবন থাকায় এর এই নামকরন করা হয়েছিল। তবে, বর্তমানে নদীর পানি লবণাক্ত নয়। বারদী ইউনিয়নের অন্তর্গত নুনেরটেক নামে এই গ্রামটি নারায়ণগঞ্জের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন। নদীপথে মুল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় ৪ থেকে ৫ কিলোমিটারের মত।
| অবস্থান | নুনেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ |
| নদী | মেঘনা নদী |
| যাতায়াত ব্যবস্থা | ট্রলার বা নৌকা |
| ড্রোন উড়ানো যাবে | হ্যাঁ |
| ঢাকা থেকে দূরত্ব | ৩৯.২ কিলোমিটার (প্রায়) |
নুনেরটেকের কোল ঘেঁষে আজ থেকে প্রায় ৪০ বছর আগে আরও একটি চর জেগে উঠেছে। যার ৩টি অংশ রয়েছে। এই ৩ অংশের ৩টি নাম হল: গুচ্ছগ্রাম, সবুজবাগ এবং রঘুনার চর। আর মজার বিষয় হচ্ছে, এই গুচ্ছ গ্রামের সামনে বিশাল অংশই হল বর্তমানের মায়াদ্বীপ। বর্ষায় সময় এর অস্তিত্ব পানির তলদেশে থাকলেও শুকনো মৌসুমে বিরাট অঞ্চল নিয়ে তা দৃশ্যমান হয়। এই চরে দাঁড়িয়ে এক পাশে গ্রাম আর অন্য চারদিকে মেঘনায় নৌকায় মাছ ধরার দৃশ্য দেখতে চমৎকার লাগবে আপনার।
আরও: পানাম নগর
কি কি দেখবেন
দ্বীপটি খুব বড় না কিন্তু। এই দ্বীপটি সবুজ ঘাসে ঢাকা। সম্পূর্ণ দ্বীপটিতে বালু ছাড়া অন্য মাটির দেখা পাবেন খুব কম। দ্বীপের একপাশে একটি গ্রাম রয়েছে। অন্য পাশে বিশাল নদী। নদিতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন।
কিভাবে যাবেন
ঢাকা থেকে দ্বীপ এর দূরত্ব প্রায় ৩৯.২ কিলোমিটার। পানাম নগর থেকে দূরত্ব প্রায় ৩.৫ কিলোমিটার। আপনাকে ঢাকা গুলিস্তান থেকে স্বদেশ, বোরাক, দোয়েল ও সোনারগাঁ নামক বাসে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে। বাস টিকিট মূল্য গুলিস্তান থেকে ৫০ হতে ১০০ টাকা (এসি/নন-এসি) নিতে পারে। মোগরাপাড়া থেকে সরাসরি অটোরিক্সা করে বারদী বৈদ্যের বাজারে চলে আসবেন। চাইলে রিক্সা অথবা সিএনজিতে করে যেতে পারেন। এছাড়া নিজস্ব পরিবহণ থাকলে সেটা দিয়েও যেতে পারেন। কারন যাতায়াত ব্যবস্থা ভালো। মোগরাপাড়া থেকে অটোরিক্সা ভাড়া নিতে পারে জন প্রতি ১৫-৩০ টাকা।
কোথায় খাবেন
খাওয়ার জন্য আপনাকে বৈদ্যের বাজারে যেতে হবে। অথবা চাইলে মায়াদ্বীপে খাওয়ার জন্য বৈদ্যের বাজার হতে প্রয়োজনীয় খাবার ও পানি সাথে করে কিনে নিয়ে যেতে পারেন।
আরও: বাংলার তাজমহল
টিপস ও সতর্কতা
- ট্রলার ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নিবেন।
- সাথে অবশ্যই শুকনো খাবার এবং খাবার পানি নিয়ে নিবেন।
- চাইলে আপনি মেঘনা নদীতে গোসল করতে পারেন তাই সাথে অবশ্যই গোসলের জন্য জামাকাপড় নিয়ে নিবেন।
- নদীর পানি পান করবেন না।
- নৌকায় ব্যাগ রেখে ঘুরতে যাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকুন। প্রয়োজনে মূল্যবান জিনিসপত্র সাথে বহন করুন।
- সন্ধ্যার পর এখানে ভ্রমণ করবেন না বা এখানে থাকবেন না।
- পানিতে ছবি তোলার সময় মোবাইল অথবা ক্যামেরা সাবধানে ব্যবহার করুন।
- অন্যের দেয়া কোন খাবার খাবেন না।
- প্রচন্ড ঢেউ এর সময় নৌকা অথবা ট্রলারের ভিতরে অবস্থান করুন।
- বৃষ্টির দিনে অবশ্যই সাথে করে রেইনকোট বা ছাতা নিয়ে নিবেন।
- নদীর পানিতে প্রস্রাব করবেন না।
- প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না।
- ট্রলারের ছাউনিতে বসার সময় সতর্ক থাকুন।
ফেসবুক: GoArif
